প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই রবিবার রাতে স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে পৌঁছে যান বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। হাতে একগোছা পান নিয়ে শিল্পীর বাড়িতে হাজির হন সুপারস্টার। এমনকি অরিজিতের বাড়ির ছাদে লাটাই হাতে আমিরকে দেখা যায়—যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
সোমবার ছড়িয়ে পড়া একাধিক ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছে, এ যেন আমির খানের একেবারে অন্য রকম মেজাজ। যদিও কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে জনসমক্ষে দেখা গেলেও অরিজিতকে দেখা যায়নি। ফলে জিয়াগঞ্জে এই বিশেষ অতিথি আপ্যায়ন নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। জানা গিয়েছে, সুদূর মুম্বই থেকে আসা এই তারকার জন্য খাওয়াদাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছিল। অরিজিতের জেঠতুতো দাদা সুরিন্দর সিং জানান, দুপুর সাড়ে তিনটে নাগাদ সাদা ভাত, বাটার নান, চিকেন, মাটন কষা, মিক্সড ভেজ এবং পনির বাটার মশালা পাঠানো হয়েছিল। অর্থাৎ নিরামিষ ও আমিষ—দুই ধরনের পদেই ছিল ভুরিভোজের আয়োজন।

এদিন অরিজিতের ছাদে আমিরকে এক ঝলক দেখার জন্য আশপাশের বাড়ির ছাদে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দিকে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় অভিনেতাকে। জিয়াগঞ্জে এসে অরিজিতের রেকর্ডিং স্টুডিওতেও যান আমির। কারণ তাঁর ছবির গানের জন্য বরাবরই ‘তেরে হাওয়ালে’র গায়কের কণ্ঠ পছন্দ করেন আমির। এই সফরের পর থেকেই প্রশ্ন উঠছে—তাহলে কি নতুন ছবির গানের কাজেই অরিজিতের সঙ্গে দেখা করতে এসেছেন আমির? যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই। তবে অনেকের ধারণা, আগামী ছবিতে অরিজিতের গাওয়া গান আগেই ঠিক ছিল। তাই প্লেব্যাক থেকে দূরে থাকার সিদ্ধান্তের পরেও আমিরের ছবিতে তিনি কাজ করতে পারেন।
উল্লেখ্য, রবিবার অরিজিতের জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ার বাড়িতে আমির খানের উপস্থিতির কথা নিশ্চিত করেন আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে—যদি সত্যিই আমির খান প্লেব্যাকে ফেরার অনুরোধ করেন, তাহলে কি নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন অরিজিৎ? নাকি অগ্রজের আহ্বানে ফের শ্রোতাদের প্রিয় কণ্ঠে ফিরে আসবেন তিনি? উত্তর পেতে তাকিয়ে রয়েছেন অরিজিতের অনুরাগীমহল।





