বাস পরিষেবায় দিঘার জগন্নাথধামের সঙ্গে যুক্ত হল নবদ্বীপধাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হল দিঘা থেকে নবদ্বীপ যাত্রী পরিবহণ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে চালু হল এই নতুন বাস পরিষেবা। এবার মানুষ একই বাসে বসে পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধাম এবং দিঘা জগন্নাথধাম থেকে নবদ্বীপ। ইতোমধ্যে নবদ্বীপ থেকে দিঘা জগন্নাথধাম যাওয়ার দু’টি সরকারি বাস চালু করা হয়েছে। যার টিকিট মূল্য মাত্র ২৫০ টাকা।
সোমবার থেকেই এই বাসে যাতায়াতের জন্য পর্যটকদের ভিড় বেশ লক্ষ্য করা যাচ্ছে । অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা রয়েছে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, দিঘা থেকে প্রতিদিন এই বাস ছাড়বে সকাল ৮টা নাগাদ। অন্যদিকে, নবদ্বীপ থেকে সকাল ৬টায় এই বাস ছেড়ে আসবে দিঘার উদ্দেশ্যে। গত বছর জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ভিড় বেশ বেড়েছে। জগন্নাথধামে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে পরিবহণ দপ্তরের তরফ থেকে আগেই দিঘাগামী বাসের সংখ্যা বাড়ানো হয়েছিল। আগেই উত্তরবঙ্গ থেকেও সরাসরি দিঘা পর্যন্ত বাস পরিষেবাও চালু করা হয়েছে।
আর এবার পরিবহণ দপ্তরের উদ্যোগে বাস যাত্রা পথে সংযুক্ত হল দুই তীর্থস্থান। দিঘা জগন্নাথধাম ট্রাস্ট কমিটির সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, এই পরিষেবা বিশেষ করে বিদেশি ভক্তদের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রতিবছর বিশ্বের নানা দেশ থেকে কয়েক হাজার ইসকন ভক্ত মায়াপুরে আসেন। তাঁদের অনেকেই দিঘা জগন্নাথধাম দর্শন করতে আসতে পারবেন। এই সরাসরি যোগাযোগ ব্যবস্থায় তাঁদের যাত্রাকে আরও সহজ, নিরাপদ এবং সুবিধাজনক করে তুলবে।





