Header AD

রাজ্যের উন্নতিতে গর্বিত রাজ্যপাল, বাজেট অধিবেশনের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসায় বোস

বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্য সরকারের কাজের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। তিনি বলেন, রাজ্যের সাফল্যে তিনি গর্বিত। ভাষণ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল (Governor )। মুখ্যমন্ত্রীর হাত ধরে কিছুক্ষণ কথাবার্তাও বলতে দেখা যায় তাঁকে। পরে বিধানসভা থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যপালকে গেট পর্যন্ত এগিয়ে দেন।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে। রীতি অনুযায়ী, রাজ্যপালের ভাষণের মাধ্যমেই বাজেট অধিবেশনের সূচনা হয়। তবে এ দিন রাজ্যপালের ভাষণ শুরুর আগেই শাসক ও বিরোধী দলের স্লোগান-পালটা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। জাতীয় সঙ্গীত শেষ হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘ভারত মাতা কী জয়’ স্লোগান তোলেন। বিজেপি বিধায়করাও সেই স্লোগানে গলা মেলান। এর পাল্টা জবাব হিসেবে তৃণমূল বিধায়কেরা ‘জয় বাংলা’ ধ্বনি তোলেন। এই উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেই নিজের ভাষণ শুরু করেন রাজ্যপাল।

সংক্ষিপ্ত বক্তব্যেই ভাষণ শেষ করেন সিভি আনন্দ বোস। তাঁর বক্তৃতায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ ছিল। তবে বিধানসভার রীতি অনুযায়ী রাজ্য সরকারের লিখে দেওয়া সম্পূর্ণ ভাষণ পাঠ করেননি তিনি। সূত্রের খবর, লিখিত বক্তৃতার প্রথম ও শেষ পৃষ্ঠার কিছু অংশই তিনি পড়েন। সব মিলিয়ে প্রায় সাড়ে চার মিনিটের মতো সময় ধরে বক্তব্য রাখেন রাজ্যপাল।