Header AD

ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি–চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস

ওড়িশায় ফের ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসের দুটি কোচ লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার জাখাপুরা স্টেশনের কাছে। তবে স্বস্তির খবর, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে ট্রেনটি ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল। জাখাপুরা স্টেশনের কাছে আপ লাইনে প্রবেশ করার সময় হঠাৎ করেই একটি অসংরক্ষিত কোচ এবং আরও একটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় ট্রেনটির গতি তুলনামূলকভাবে কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রীদের কথায়, হঠাৎ প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। আতঙ্কে ট্রেনের ভিতরে হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেক যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে থাকা সমস্ত যাত্রী সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং কারও আঘাত লাগেনি।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে।

দুর্ঘটনার জেরে ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। লাইনচ্যুত কোচগুলিকে দ্রুত ট্র্যাকে ফেরানোর কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনায় দেশ জুড়ে যাত্রী নিরাপত্তা এবং রেল রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি বছরের ২৭ জানুয়ারি ওড়িশার কোরাপুটে একটি মালগাড়ির দুটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনাও সামনে এসেছিল। ধারাবাহিক এই ঘটনাগুলিতে ফের একবার ভারতীয় রেলের যাত্রী পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।