Header AD

বাজেটে কল্পতরু অর্থমন্ত্রী চন্দ্রিমা! বাড়ল লক্ষ্মীভাণ্ডার, ডিএ, চালু নতুন প্রকল্প যুবসাথী

রাজ্যবাজেটে কল্পতরু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের সপ্তদশ বিধানসভা ও মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নেতৃত্বে চলা তৃতীয় সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হল বিধানসভায়। বৃহস্পতিবার বিধানসভার ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করলেন চন্দ্রিমা। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার-ডিএ, বেতন বাড়ল পার্শ্বশিক্ষক-আশাকর্মী- সিভিক ভলেন্টিয়ারদের। আসছে যুব সাথী নামে নতুন প্রকল্পও। গিগ কর্মীদের স্বাস্থ্যরক্ষায় চালু হল নতুন পোর্টাল।

বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee)। বাড়ল চার শতাংশ ডিএ (DA Hike)। বৃহস্পতিবার বঙ্গ বিধানসভায় ভোট অন অ‌্যাকাউন্ট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই ডিএ নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ লা এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবে সরকারি কর্মচারীরা। একইসঙ্গে এদিন অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল ৫০০ টাকা। এই মাস থেকেই কার্যকর হবে বর্ধিত লক্ষ্মীভাণ্ডার। তার ফলে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন মাসিক ১৫০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে ১৭০০ টাকা। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বরাদ্দ। বর্ধিত অর্থ প্রদানের জন্য বাজেটে চলতি অর্থবর্ষে লক্ষ্মীভাণ্ডার খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১৫ হাজার কোটি টাকা। লক্ষ্মীবারে বাড়তি লক্ষ্মীলাভের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মহিলামহল।

বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪% বাড়ানো হল। বর্ধিত ডিএ কার্যকর হবে ১ এপ্রিল থেকে। অন্তবর্তী বাজেটে প্যারা টিচার শিক্ষাবন্ধু, সিভিক ভ্লেন্টিয়ার ও আশাকর্মীদের ভাতা বাড়ল ১০০০ টাকা। ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিও পাবেন আশাকর্মীরা। কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হলে ক্ষতিপূরণের পরিমাণ ৩ লক্ষ থেকে বাড়ীয়ে ৫ লক্ষ করা হয়েছে। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা ও আইসিডিএস কর্মীর পরিজনরা এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।

১০০ দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বিতর্কের প্রতিবাদে রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের প্রকল্পে যুক্ত করেছিল ‘বাপু’র নাম। রাজ্যের ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম হয়েছিল ‘মহাত্মাশ্রী’। এবার সেই প্রকল্পে রাজ্যের ১০০ দিনের কাজে ২০০০ কোটি বরাদ্দ করা হয়েছে। চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে তা কার্যকর হবে।

২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার যুবকরদের জন্য বাজেটে ঘোষণা হল নতুন যুব সাথী প্রকল্প। মাধ্যমিক পাস বেকার যুবকরা ১৫০০ করে মাসে, ৫ বছর পর্যন্ত পাবেন। এই প্রকল্প চালু হবে আগামী ১৫ অগাস্ট থেকে।

গিগ ওয়ার্কার অর্থাৎ ডেলিভারি বয়দের স্বাস্থ্যের দিকেও এবার নজর দিয়েছে রাজ্য সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথীর অধীনে নিয়ে আসা হল গিগ ওয়ার্কেরদের। গিগ ইকোনমির সঙ্গে যুক্ত কর্মীরাও পাবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও সমস্যায় সুবিধা পাবেন তাঁরা। তাদের জন্য চালু হল বিশেষ পোর্টাল। আবেদন করলে মিলবে অনেক সুবিধা।