Header AD

বক্স অফিসে ‘বর্ডার ২’  বনাম ‘মর্দানি ৩’, লড়াইয়ে এগিয়ে কে?

বক্স অফিসে টানা ঝড় তোলার পর এখন কিছুটা থিতু হচ্ছে সানি দেওলের ‘বর্ডার ২’। অন্যদিকে রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’ শুরু থেকেই লড়াই চালালেও এখনও বড় সাফল্যের মুখ দেখেনি। বুধবারের আয়ের হিসেব সামনে আসতেই দুই ছবির অবস্থান আরও স্পষ্ট হল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ওয়ার ড্রামা ‘বর্ডার ২’। প্রথম কয়েক সপ্তাহ বক্স অফিসে দাপট দেখালেও এখন আয় নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে। বুধবার ছবিটি প্রায় ৩.৫৬ কোটি টাকার ব্যবসা করেছে। এর ফলে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৯০.৩১ কোটি টাকা। ইন্ডাস্ট্রি সূত্রের মতে, সপ্তাহান্তের আগেই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারে ছবিটি।

তবে এখনও পর্যন্ত সানির সর্বকালের অন্যতম ব্লকবাস্টার ‘গদর ২’-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি ‘বর্ডার ২’। ‘গদর ২’ বক্স অফিসে মোট ৫২৫.৭ কোটি টাকা আয় করেছিল। যদিও বরুণ ধাওয়ানের কেরিয়ারে এটি এখন সর্বাধিক আয়কারী ছবি। তাঁর আগের হিট ছবি ‘দিলওয়ালে’ (১৪৮.৪২ কোটি) ও‘জুড়ুয়া ২’ (১৩৮.৫৫ কোটি) এখন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি ৩’  বুধবার আয় করেছে প্রায় ১.৭১ কোটি টাকা। ছবিটির মোট আয় এখনও পর্যন্ত ২৪.০৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে বুধবারের আয়ের নিরিখে ‘বর্ডার ২’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ‘মর্দানি ৩’। উল্লেখযোগ্য বিষয় হল, ‘মর্দানি ৩’ এখনও পর্যন্ত রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শীর্ষ ১০ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিতে পারেনি। তাঁর সর্বাধিক আয় করা ছবি  ‘তালাশ’, যার মোট আয় ৯৩.৬১ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ‘মর্দানি ২’, যা আয় করেছিল ৪৭.৩৫ কোটি টাকা।

সব মিলিয়ে, সমালোচকরা সেরকম নম্বর না দিলেও বুধবার পর্যন্ত বক্স অফিসের লড়াইয়ে স্পষ্টতই এগিয়ে ‘বর্ডার ২’। সপ্তাহান্তে দুই ছবির আয়ের গ্রাফ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ইন্ডাস্ট্রির।