Header AD

ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে দিঘাগামী বাস! মৃত ১, আহত ১৫

দুর্ঘটনার কবলে পড়ল দিঘাগামী যাত্রিবাহী বাস। বাসের টায়ার ফেটে এক মহিলার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  সকলের চিকিৎসা চলছে। খবর পেয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ।

 শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে মেদিনীপুর  থেকে দিঘা যাচ্ছিল বাসটি। পথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টায়ার ফেটে যায়। আর তাতেই ঘটে বিপত্তি। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান।  সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খড়্গপুর লোকাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ক্রেন এনে বাসটিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।