Header AD

বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জ ভারতের সামনে! শনিবার কী হতে পারে সূর্যদের প্রথম একাদশ?

শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান। প্রথম ম্যাচেই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি আমেরিকা। বিশ্বকাপ শুরুর আগেই যদিও ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির—চোটের জন্য পুরো প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। তবু প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। গতবারের চ্যাম্পিয়ন ভারত এ বার নামছে খেতাব ধরে রাখার লক্ষ্যে। এখনও পর্যন্ত কোনও দল পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। সেই নজির গড়ার সুযোগ রয়েছে সূর্যদের সামনে। তবে চ্যালেঞ্জ সহজ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দল রয়েছে প্রতিযোগিতায়। তার উপর ঘরের মাঠে খেলার চাপও সামলাতে হবে।

শুক্রবার সূর্যকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার বিরুদ্ধে ইনিংস শুরু করবেন ঈশান কিষাণ এবং অভিষেক শর্মা। ফলে ওপেনিং জুটি নিয়ে আর কোনও ধোঁয়াশা নেই। তিন নম্বরে ব্যাট করতে পারেন চোট সারিয়ে ফেরা তিলক বর্মা, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছেন। চার নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেই। পাঁচ নম্বরে হার্দিক পাণ্ডিয়া এবং ছয় নম্বরে সহ-অধিনায়ক অক্ষর পটেল নামতে পারেন। সাত নম্বরে শিবম দুবে, আর আট নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে রিঙ্কু সিংকে। বোলিং বিভাগে শেষ তিনটি জায়গা দখল করতে পারেন অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে অর্শদীপ-বুমরাহকে সহায়তা করবেন হার্দিক ও শিবম, আর স্পিনে অক্ষর ও বরুণের সঙ্গে প্রয়োজনে হাত ঘোরাতে পারেন তিলক। দরকার পড়লে অভিষেক বা রিঙ্কুকেও বোলিংয়ে ব্যবহার করতে পারেন অধিনায়ক।

এ বারের বিশ্বকাপে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের জায়গায় দায়িত্ব কাঁধে নিয়েছেন অভিষেক, তিলকদের মতো তরুণ ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছে এই নতুন প্রজন্ম। তাই নতুন ভারতের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন দেশের ক্রিকেটপ্রেমীরাও। তবে ২০ ওভারের ক্রিকেটে কোনও দলকেই হালকা করে দেখার সুযোগ নেই। দু’-তিনটি ওভারই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। শনিবার আমেরিকার বিরুদ্ধে সেই পরীক্ষাতেই নামছে ভারত। শুরুটা কতটা জোরালো হয়, সেদিকেই তাকিয়ে থাকবে গোটা ক্রিকেট দুনিয়া।