Header AD
Trending

মাত্র ছয় মাসে আড়াই কোটি আধার বাতিল, কারা তালিকায়? জানাল কেন্দ্র

মাত্র ছয় মাসে রেকর্ড সংখ্যক আধার কার্ড নিষ্ক্রিয় করেছে কেন্দ্রীয় সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যেই প্রায় আড়াই কোটি আধার কার্ড বাতিল করা হয়েছে। তুলনা করলে দেখা যাচ্ছে, ২০১১ থেকে ২০২৫—এই ১৪ বছরে যত আধার বাতিল হয়েছিল, শেষ ছয় মাসে তার প্রায় দ্বিগুণ সংখ্যক আধার নিষ্ক্রিয় হয়েছে।

তবে বিষয়টি নিয়ে আতঙ্কের কারণ নেই। UIDAI জানিয়েছে, এই সমস্ত আধারই মৃত ব্যক্তিদের। দীর্ঘদিন ধরে দেশে বহু মৃত ব্যক্তির আধার সক্রিয় অবস্থায় থেকে গিয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

একটি আরটিআইয়ের জবাবে আগেই UIDAI স্বীকার করেছিল যে, ২০১১ সালের পর থেকে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে—যা দেশের প্রকৃত মৃত্যুহারের তুলনায় অনেক কম। এই তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কেন্দ্র। এরপরই দ্রুত পদক্ষেপ নেয় UIDAI। মৃত ব্যক্তিদের আধার চিহ্নিত করে ব্যাপক হারে নিষ্ক্রিয়করণ শুরু হয়। সংসদে এক প্রশ্নের উত্তরে কেন্দ্র জানায়, গত ছয় মাসেই আড়াই কোটি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা হয়েছে, যাতে মৃত্যুহারের সঙ্গে আধার বাতিলের সংখ্যার ভারসাম্য বজায় থাকে।

বিশেষজ্ঞদের মতে, মৃতদের আধার সক্রিয় থাকলে তার অপব্যবহারের ঝুঁকি অনেক বেড়ে যায়। আধার নাগরিকত্বের প্রমাণ না হলেও, প্রায় সব সরকারি পরিষেবা এবং নানা নথি তৈরির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। তাই মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হলে জালিয়াতির আশঙ্কা থেকেই যায়। এই কারণেই দেরিতে হলেও কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।