Header AD

তোলার টাকা না পেয়ে স্পা-কর্মীকে নৃশংস নির্যাতনের অভিযোগ বামশাসিত কেরলে, গ্রেপ্তার ২

তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় এক স্পা সেন্টারের কর্মীকে অপহরণ করে ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে কেরলের তিরুভাল্লা এলাকায়। অভিযোগ অনুযায়ী, দুষ্কৃতীরা ছুরি দেখিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, যার মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত দু’জনের নাম সুবিন আলেকজ়ান্ডার (২৯) ও বার্লিন দাস (৩৮)। পুলিশ জানিয়েছে, সুবিনের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। জামিনে বেরিয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ায় বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের দীর্ঘদিন ধরে ওই স্পা সেন্টারের মালিকের কাছ থেকে নিয়মিত তোলার টাকা দাবি করছিল। কিন্তু মালিক বারবার সেই দাবি মানতে অস্বীকার করেন। এর জেরেই এই নৃশংস ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি অভিযুক্ত সুবিন আলেকজ়ান্ডার ওরফে মারানা সুবিন এবং তার সঙ্গীরা স্পা সেন্টারে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মালিকের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই তারা স্পা-এর এক কর্মীকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ। সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্তরা মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে। শুধু তাই নয়, স্পা সেন্টারে উপস্থিত গ্রাহকদের মারধর করা হয় এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

বাকি চার অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তোলাবাজির টাকা না দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।