ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা পুরসভায় নিবাসী শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেটের ( Domicile Certificate)চাহিদা তুঙ্গে। পুর আধিকারিকদের মতে, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই সার্টিফিকেট সংগ্রহের জন্য আবেদন জমা পড়েছে, তা কার্যত নজিরবিহীন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর প্রক্রিয়ার প্রভাবে কলকাতা পুরসভায় গত দেড় মাসে প্রায় সাড়ে ১৪ হাজারেরও বেশি ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন জমা পড়েছে। বিশেষ করে ৩১ জানুয়ারি পর্যন্ত এই আবেদনের সিংহভাগ জমা পড়ায় পুর কর্তারা রীতিমতো চমকে গিয়েছেন। সাধারণ সময়ে যেখানে মাসে গড়ে ২০০টিরও কম আবেদনপত্র জমা পড়ে, সেখানে এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক আবেদন কার্যত নজির সৃষ্টি করেছে বলেই মত পুর আধিকারিকদের।
এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সে জন্য আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই কলকাতা পুরসভার সদর দফতর এবং বিভিন্ন বোরো অফিসে এই সার্টিফিকেটের আবেদন গ্রহণের জন্য আলাদা ডেস্ক খোলা হয়েছে। তার ফলে আবেদন গ্রহণের গতি অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।
পুরসভা সূত্রে আরও জানানো হয়েছে, জমা পড়া সমস্ত আবেদনপত্র কলকাতা সেক্টরের কালেক্টর অফিসে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের মাধ্যমে নথি যাচাইয়ের পর ডব্লিউবিসিএস স্তরের এক জন আধিকারিক শংসাপত্র অনুমোদন করছেন। আপাতত শুধুমাত্র এসআইআর সংক্রান্ত প্রয়োজনের ক্ষেত্রেই এই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে পুরসভা সূত্রে।





