Header AD
Trending

দক্ষিণ কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকের চাকায় পিষ্ট দুই ডাক্তারি পড়ুয়া

Madhya Pradesh Road accident

দক্ষিণ কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা! ট্রাকে নীচে চাপা পড়ে মৃত্যু হল দুই ডাক্তারি পড়ুয়ার। রাতে বাইরে চা খেতে বেরতেই এমন বিপত্তি ঘটলো বলে খবর। রবিবার রাতে বেহালার জেমস লং সরণি এবং পূর্ব পাড়া রোড এলাকার ঘটনা। জানা গিয়েছে, দুই পড়ুয়ার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাইককে ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায় আর তখনই পিছন থেকে আসা বেপরোয়া ট্রাকের চাকা তাঁদের পিষে দেয়।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই পড়ুয়ার নাম আনন্দ প্রিয়দর্শী -বয়স ২৩ এবং মহম্মদ ফায়াজ জামান মল্লিক – বয়স ২৩। তাঁরা দুজনেই জোকার ইএসআই মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র । রবিবার ভোররাতে পড়াশোনার মাঝে তাঁরা চা খেতে বেরোলে, সাড়ে ৩টা নাগাদ জেমস লং সরণি এবং পূর্ব পাড়া রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। বাইকটি চালাচ্ছিলেন প্রিয়দর্শী এবং ফায়াজ জামান বসেছিলেন পিছনে। প্রিয়দর্শীর আসল বাড়ি পাটনায়। টালিগঞ্জের পঞ্চাননতলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। সম্প্রতি তিনি ৪০০ সিসির রোডস্টার বাইক কেনেন। মহম্মদ ফায়াজ জামান মল্লিক ভাঙড়ের বাসিন্দা। জানা যায়, দুর্ঘটনার সময় দু’জনের মাথায় হেলমেট ছিল। কিন্তু ট্রাকের চাকার ধাক্কায় তাঁদের হেলমেট খুলে যায়। মারাত্মকভাবে থেঁতলে যায় দুই মেডিক্যাল পড়ুয়ার মাথা।

সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, প্রিয়দর্শীদের বাইকের সামনের হঠাৎ অন্য একটি বাইক থেমে যায় ও ডানদিকে ঘোরার চেষ্টা করলে প্রিয়দর্শীদের বাইকটি সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে দুজনই রাস্তায় পড়ে যান। তখনই পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে পিষে দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা ও ছাত্রদের বন্ধুরা তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ওই মেডিক‌্যাল কলেজের এক ছাত্র বলেন, মৃত দুই ছাত্র প্রায় সময়ই একসঙ্গে বাইকে করে বাইরে যেতেন। কখনোই হেলমেট ছাড়া বের হতেন না। এমনকি প্রিয়দর্শী সাবধানতার সঙ্গেই বাইক চালাতেন। অন্যদিকে পলাতক ট্রাক চালকের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।