Header AD

বহুতলের নীচে মিলল তরুণী নার্সের দেহ! আত্মহত্যা না খুন, ধোঁয়াশায় দুর্গাপুরের কাঁকসা

দুর্গাপুরে কাঁকসা থানার গোপালপুর এলাকায় এক তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে একটি বহুতল আবাসনের নীচ থেকে উদ্ধার হয় ২৪ বছরের নার্স মন্দিরা পালের দেহ। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি কলেজ থেকে নার্সিংয়ে পড়াশোনা শেষ করেন মন্দিরা। পড়াশোনা শেষ করার পর প্রথমে বিষ্ণুপুরের একটি নার্সিংহোমে কাজে যোগ দেন তিনি। বছর খানেক আগে সেই কাজ ছেড়ে দুর্গাপুরের মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন মন্দিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের লোহারপাড়া এলাকায়। বুধবার রাতে মলানদিঘি এলাকার স্থানীয় বাসিন্দারা বহুতলের নীচে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এই মৃত্যু আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

পরিবারের দাবি, সরস্বতী পুজোর সময় শেষবার বাড়িতে এসেছিলেন তিনি। মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে ফোনে কথাও হয় তাঁর। তবে বুধবার রাতে হঠাৎই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয়, মন্দিরা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন এবং দ্রুত দুর্গাপুরে পৌঁছনোর জন্য অনুরোধ করা হয় পরিবারকে। খবর পেয়ে তড়িঘড়ি দুর্গাপুরে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে পৌঁছনোর পরেই তাঁরা জানতে পারেন, মন্দিরার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মৃতার পরিবারের দাবি, মন্দিরার মৃত্যু স্বাভাবিক নয়। দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। মৃতার মা জয়ন্তী পাল বলেন, “মেয়েকে নিয়ে আমাদের গর্ব ছিল। অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছি। আমাদের সঙ্গে তার কোনওদিন ঝামেলা বা মনোমালিন্য হয়নি। আমার মেয়েকে চক্রান্ত করে খুন করা হয়েছে। আমি দোষীদের কঠোর শাস্তি চাই।” একই দাবি করেন মৃতার মামা তরুণ দাস। তাঁর কথায়, “আমার ভাগ্নি কোনওদিন আত্মহত্যা করতে পারে না। আমরা নিশ্চিত, ওকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এছাড়াও, ঘটনার সূত্র খুঁজতে মৃতার পরিবার ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। রহস্যমৃত্যুকে ঘিরে গোটা এলাকায় এখন আতঙ্ক ও কৌতূহল তুঙ্গে।