Header AD

‘দিল্লিকে খালিস্তান বানাব’! ফের স্কুলে বিস্ফোরণের হুমকি ইমেল, আতঙ্কে রাজধানী

রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক। শুক্রবার সকালে শহরের একাধিক স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। এর আগেও সোমবার একই কায়দায় বেশ কয়েকটি স্কুলকে টার্গেট করে হুমকি দেওয়া হয়েছিল। সেই ইমেলগুলিতে দাবি করা হয়, আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে ‘খালিস্তান’ বানানো হবে। জানা গিয়েছে, গত সোমবার অন্তত ১৩টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল। ইমেলে নির্দিষ্ট সময় উল্লেখ করে লেখা ছিল, দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। যদিও পরে সেগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়। কিন্তু সপ্তাহ না ঘুরতেই ফের শুক্রবার সকালে একই ধরনের আতঙ্ক ছড়ায়।

দিল্লি দমকল সূত্রে খবর, শুক্রবার সকালে অন্তত তিনটি স্কুলে বোমা রাখা হয়েছে—এমন বার্তা পাওয়া যায়। প্রথমে বিটি তামিল স্কুলে হুমকির খবর আসে। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের পরিবারকে সতর্ক করে। পরে আরও দু’টি স্কুলে একই ধরনের হুমকি মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল ও নিরাপত্তা আধিকারিকরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হুমকি পাওয়া সব স্কুল থেকেই পড়ুয়াদের বের করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে এখনও পর্যন্ত ওই হুমকি ইমেলগুলির উৎস শনাক্ত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই বারবার স্কুল, আদালত চত্বর ও এমনকি সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। জানুয়ারির শেষ দিকেও একাধিক স্কুল ও দ্বারকা আদালত চত্বরে একই ধরনের হুমকি ইমেল এসেছিল।

সব মিলিয়ে, এক সপ্তাহে একাধিকবার স্কুলে বোমা রাখার হুমকিতে রাজধানীতে আতঙ্কের পারদ চড়ছে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখলেও, ধারাবাহিক হুমকির কারণে সাধারণ মানুষের উৎকণ্ঠা কাটছে না।