কোচবিহারের (Coachbihar) সিতাই এলাকায় নিষিদ্ধ মাদক-সহ গ্রেপ্তার হলেন এক বিজেপি (BJP) নেতা। ধৃতের নাম সুকুমার বর্মন। এলাকায় বিজেপির মণ্ডল সভাপতি পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর স্ত্রী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। আজ, শুক্রবার দুপুরে পুলিশের তরফে তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। জানা যায় ঘটনার সূত্রপাত রাজনৈতিক চাপানউতরকে কেন্দ্র করে।স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস পুলিশকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার করিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)।
ধৃত বিজেপি নেতার পরিবারের সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর থেকে সুকুমার বর্মন এর খোঁজ মিলছিল না। একাধিক জায়গায় খোঁজ করা সত্ত্বেও সন্ধান না মেলায় সন্ধ্যায় তাঁর স্ত্রী থানায় অভিযোগ জানান। পুলিশ ওই ডায়েরি তুলে নিতে চাপ দিয়েছে এমনটাই অভিযোগ করেছেন তিনি। সেই ঘটনা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। তার মধ্যেই পুলিশ জানায় মাদক-সহ গ্রেপ্তার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। আজ, শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সুকুমার বর্মন মাদক পাচারের কাজে অভিযুক্ত। নিষিদ্ধ মাদক-সমেত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে সুকুমার বর্মনের কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত সুকুমার বর্মনকে এদিন কোচবিহারের এনডিপিএস আদালতে তোলা হয়।





