Header AD
Trending

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফের অঘটন! জিম্বাবোয়ের দাপুটে বোলিংয়ে ধরাশায়ী অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকের ধারা অব্যাহত। নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডস, ইতালির পর এবার চমক দিল জিম্বাবোয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে বড় অঘটন ঘটাল আফ্রিকার দলটি। শুক্রবার প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে তোলে ২ উইকেটে ১৬৯ রান। ওপেনিং জুটিতে ঝড় তোলেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমনি। মারুমনি ২১ বলে ৩৫ রান করে আউট হলেও, রায়ান বার্লের সঙ্গে দ্বিতীয় উইকেটে বেনেট গড়ে তোলেন ৭০ রানের জুটি। ধীরগতির প্রেমাদাসার উইকেটে শেষদিকে রান তোলার গতি কমে যায়। তবু বেনেট অপরাজিত থাকেন ৫৬ বলে ৬৪ রানে। অধিনায়ক সিকান্দর রাজা ১৩ বলে করেন কার্যকরী ২৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নিলেও জাম্পা-এলিসরা ছিলেন নিষ্প্রভ।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। জস ইংলিস দ্রুত ফিরে যান, অধিনায়ক ট্রাভিস হেডও ব্যর্থ। গ্রিন ও টিম ডেভিড শূন্য রানে আউট হয়ে গেলে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অজিরা। সেখান থেকে লড়াইয়ের চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ। ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রান করলেও স্ট্রাইক রেট ছিল চোখে পড়ার মতো কম। রায়ান বার্লের বলে বোল্ড হয়ে তাঁর বিদায়ে পঞ্চম উইকেটের ৮৭ রানের জুটি ভাঙে। রেনশের ৪৪ বলে ৬৫ রান তখনই মূল্য পেত, যদি দল জিততে পারত।

শেষ পর্যন্ত জিম্বাবোয়ের আগুনে বোলিংয়ের সামনে ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্লেসিং মুজারাবানি ১৭ রানে নেন ৪ উইকেট, ব্র্যাড ইভান্স ২৩ রানে শিকার করেন ৩ অজি ব্যাটারকে। একটি করে উইকেট পান বার্লে ও ওয়েলিংটন মাসাকাদজা।

দুই দশক আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি আছে জিম্বাবোয়ের। সময় বদলেছে, ক্রিকেট আধুনিক হয়েছে—তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ের জ্বলে ওঠার গল্পটা যেন আজও একই রয়ে গেল।