Header AD
Trending

হলিউডে ফারহানের অভিষেক, সেতার সম্রাট পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় পর্দায় জাভেদপুত্র

বিশ্বসঙ্গীতের মঞ্চে যাঁর সেতারের সুরে মুগ্ধ হয়েছে অগণিত শ্রোতা, তিনি আর কেউ নন, পণ্ডিত রবি শঙ্কর (Pandit Ravi Shankar)। তাঁর অসামান্য জীবন ও সঙ্গীতযাত্রা এবার ধরা পড়তে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্রের পর্দায়। আর এই ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ফারহান আখতার (Farhan Akhtar)।

অনেকদিন ধরেই ফারহানের এই নতুন প্রকল্প নিয়ে জল্পনা চলছিল। অবশেষে প্রযোজনা সংস্থা সোনি পিকচার্স (Sony Pictures) আনুষ্ঠানিক ঘোষণা করে সেই জল্পনার ইতি টেনেছে। জানা গেছে, রবিশঙ্করের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই ফারহানের হলিউডে অভিষেক ঘটতে চলেছে।

এই প্রকল্প পরিচালনা করছেন অস্কারজয়ী নির্মাতা স্যাম মেন্ডেস (Sam Mendes)। ছবির নাম রাখা হয়েছে ‘দ্য বিটলস’ (The Beatles)। জানা যাচ্ছে, এই চলচ্চিত্রে একাধিক সমান্তরাল গল্প থাকবে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে রবিশঙ্কর ও বিশ্বখ্যাত রক ব্যান্ড দ্য বিটলস-এর সম্পর্ক।

বিশেষ করে ব্যান্ডের সদস্য জর্জ হ্যারিসন(George Harrison)-এর সঙ্গে পণ্ডিত রবিশঙ্করের গভীর বন্ধুত্ব ছিল বহুল আলোচিত। তাঁদের একসঙ্গে সঙ্গীতচর্চা, মঞ্চে পারফরম্যান্স এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এই ছবিতে বিশেষভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে।

এই ঘোষণা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দেশ-বিদেশের সিনেপ্রেমীরা। কারণ পণ্ডিত রবিশঙ্কর শুধু বাঙালির গর্ব নন, তিনি সমগ্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তাঁকে নিয়ে হলিউডে ছবি তৈরির অর্থ বিশ্বের দরবারে আরও একবার ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির জয়গান।

ফারহান আখতার ছাড়াও এই ছবিতে আর কোনও ভারতীয় অভিনেতা থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে হলিউডের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্তমানে বলিউডে Don 3 নিয়ে ব্যস্ত ফারহান। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে নানা আলোচনা ও জল্পনার মাঝেই এই আন্তর্জাতিক প্রজেক্ট তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করল বলা চলে।

জানা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পেতে পারে ‘দ্য বিটল্‌স’।