ইকো পার্কের কাছে গাড়ির বেপরোয়া গতিতে ফের ঘটল দুর্ঘটনা। একটি চারচাকার গাড়ি একের পর এক গাড়ি ও ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় জখম হয়েছেন এক যুবক ও দুই তরুণী-সহ মোট চারজন। তাদের উদ্ধার করে স্থানীয়রাই প্রাথমিক শুশ্রূষা করেন।
চিনার পার্কের দিক থেকে বিশ্ববাংলা গেট অভিমুখে আসছিল একটি চারচাকা গাড়ি। গাড়িতে ছিলেন এক যুবক ও দুই তরুণী। ইকো পার্ক-এর কাছে একটি নামজাদা পাঁচতারা হোটেলের সামনে প্রথমে একটি অ্যাপ ক্যাব ও ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় তিনজনই কমবেশি জখম হন।
খবর পেয়ে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির চালকসহ সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারিও ইকো পার্কের এক ও দুই নম্বর গেটের মাঝে দ্রুতগতির স্কুটি ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়। এক মাসের ব্যবধানে ফের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকার পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।





