ব্যস্ত রাস্তার মাঝেই ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরে মুম্বই-এর মুলুন্ড এলাকায় নির্মীয়মাণ মেট্রোর একটি পিলারের অংশ ভেঙে পড়ে একটি অটোর উপর। ঘটনায় অটোয় থাকা চারজন গুরুতর আহত হন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিট নাগাদ মেট্রোর কাজ চলাকালীন হঠাৎ বড় সিমেন্টের চাঙড় ভেঙে পড়ে। সেই অংশটি গিয়ে পড়ে রাস্তায় চলাচলকারী একটি অটো ও একটি গাড়ির উপর। অটোর বেশিরভাগ অংশ পিলারের নীচে চাপা পড়ে যায় এবং পাশের গাড়িটির সামনের দিকেও ক্ষতি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষের কর্মীরা। উদ্ধারকাজ চালিয়ে আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজের সময় সমস্ত সুরক্ষা বিধি মানা হয়েছিল কি না, সেটিও বিস্তারিতভাবে তদন্ত করা হবে।





