Header AD

রাজস্থানে বন্ধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বেআইনি বাজি তৈরির অভিযোগ! ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

রাজস্থানের অলওয়ার জেলার ভিওয়াড়ি শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে, এখনও অন্তত এক জন শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন।

প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওই কারখানার ভিতরে বেআইনি ভাবে বাজি তৈরির কাজ চলছিল। অসাবধানতার জেরেই বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আচমকা আগুন লাগার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রথমে সাতটি দেহ উদ্ধার করা হয়, পরে আরও একটি দেহ পাওয়া যায়। নিহতদের সবাই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। আগুনের তীব্র তাপে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান। ভিওয়াড়ির সহকারী জেলাশাসক সুস্মিতা মিশ্র জানান, নিয়মিত টহলদারির সময় পুলিশ কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। খবর দেওয়া হয় দমকলে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার সময় কারখানায় অন্তত ২৫ জন শ্রমিক কাজ করছিলেন। আশপাশের অন্যান্য কারখানাগুলিও সতর্কতামূলক ভাবে খালি করে দেওয়া হয় এবং শ্রমিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল বলেও অভিযোগ।দমকল সূত্রে খবর, গত কয়েক মাস ধরে কারখানাটি বন্ধ থাকলেও ভিতরে বেআইনি কার্যকলাপ চলছিল বলে সন্দেহ।

পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ।