Header AD

বসন্তের শুরুতেই রোদের চোখরাঙানি! শীতের মেয়াদ কি ফুরলো বঙ্গে?

‘ফুল ফুটুক না ফুটুক’ বাতাসে আজ বসন্তের গন্ধ। আর এই বসন্ত শুরু হতে না হতেই তাপমাত্রার পারদ চড় চড় করে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে রোদের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি শীতে বিদায়ের ঘণ্টাও বেজে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস দিনের বেলায় রোদের তেজ বাড়তে থাকায় এখনই গরম অনুভব হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। রাত ও ভোরের দিকে ঠান্ডার আমেজ এবং দিনে গরম- আবহাওয়ার এই খামখেয়ালিপনা আগামী কয়েকদিন বজায় থাকবে। চলতি মাসের শেষদিক থেকে বাংলার বিভিন্ন জেলায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ অনেকটাই বাড়ার আশঙ্কা রয়েছে।

রবিবার কলকাতায় দিনের পারদ প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচেই রয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা দিনের মধ্যে সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ রেকর্ড করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর,আগামী বুধবার থেকে দিন ও রাত—দু’সময়ের তাপমাত্রাই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে। এই সপ্তাহের মধ্যেই পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও ভোরের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা কুয়াশা থাকতে পারে। সঙ্গে রাতে বজায় থাকবে শীতের আমেজ। তাই সোয়েটার লেপ কম্বল সবই যে এখনই বাক্স বন্দি করে ফেলতে হবে তা অবশ্য বলা চলে না। বরং হালকা শীতের পোশাক এখনও কয়েকদিন সঙ্গী হতেই পারে। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুষ্কই থাকবে, এবং এই সপ্তাহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।