Header AD
Trending

বল দরজায় লাগতেই ক্ষিপ্ত শিক্ষক, গুলিতে জখম পড়ুয়া! তোলপাড় রঘুনাথগঞ্জে

বাড়ির সামনে মাঠে খেলছিল কয়েকটি শিশু। সেখান থেকে একটি বল গিয়ে পড়ে এলাকার এক শিক্ষকের বাড়িতে। তারপর তিনি নাকি ওই শিশুর দলকে লক্ষ্য করে গুলি চালান, এমনটাই অভিযোগ। সেই ঘটনায় এক শিশু আহত হয়েছে এবং তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সমীরকুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতোই স্থানীয় ১০-১২ জন শিশু বাড়ির পাশের মাঠে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত বলটি শিক্ষকের বাড়ির দরজায় লাগে। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে তিনি পাখি মারার বন্দুক নিয়ে বাইরে এসে পরপর কয়েক রাউন্ড গুলি চালান। গুলির শব্দে শিশুরা ভয়ে দৌড়ে পালাতে গেলে এক শিশুর হাতে গুলি লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসাধীন। আহত শিশুর পরিবারের দাবি, এর আগেও বল বাড়িতে যাওয়া নিয়ে ওই শিক্ষক প্রতিবাদ ও বচসা করেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে বাড়ি থেকে আটক করে। তাঁর কাছ থেকে একটি এয়ারগান উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বন্দুকটির ধরন পরীক্ষা করে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তিনি কেবল ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিলেন। কারও গায়ে লাগবে তা নাকি তিনি ভাবেননি। তবে এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।