ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR in Bengal) সংক্রান্ত কাজের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। হুগলির শ্রীরামপুরে (Sreerampore, Hooghly) শনিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে ফেরিঘাটের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন।
ঘটনাটি ঘটে শ্রীরামপুর ফেরিঘাট থেকে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুরগামী একটি যাত্রীবোঝাই লঞ্চে। সকাল সাড়ে ১১টা নাগাদ হঠাৎ এক যাত্রী গঙ্গায় ঝাঁপ দেন। লঞ্চকর্মীদের তৎপরতায় তাঁকে দ্রুত জল থেকে টেনে তোলা হয়। পরে জানা যায়, তাঁর নাম মহম্মদ কায়ামুদ্দিন। তিনি কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। পাশাপাশি বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর দায়িত্বে থাকা বুথে মোট ১ হাজার ২৪৫ জন ভোটার রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ঝাঁপ দেওয়ার আগে তিনি লঞ্চেই এসআইআরের গুরুত্বপূর্ণ নথিপত্র ও নিজের মোবাইল ফোন রেখে যান। উদ্ধার হওয়ার পর কায়ামুদ্দিন জানান, এসআইআরের কাজের অতিরিক্ত চাপ তিনি সামলাতে পারছিলেন না। বিশেষ করে নথিপত্র ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের কর্তাদের বিষয়টি জানালেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁর। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এদিকে স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। এক কাউন্সিলরের দাবি, তড়িঘড়ি করে এসআইআর সম্পন্ন করার চাপে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তাঁর কথায়, ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ না হওয়া সত্ত্বেও কায়ামুদ্দিনকে সেই কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলেই তিনি ভেঙে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক কাজের চাপ এবং তার মানসিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।





