বাংলায় ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। হাওড়ার উলুবেড়িয়ার খলিসানির বাসিন্দা বছর তিরিশের এক যুবক আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, নথিতে নামের বানান ভুল থাকায় বেশ কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন ওই যুবক। মঙ্গলবার তাঁর ঘর থেকে দেহ উদ্ধার করা হয়। এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক, এমনটাই মনে করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় মন্ত্রী পুলক রায়কে মৃতের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জাহির মাল। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রি । ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল না। তবে কমিশন প্রথমেই জানিয়েছিল, ২০০২ সালের লিস্টে যাদের নাম নেই, তাঁদের ক্ষেত্রে অন্য ১১ টি নথি গ্রহণযোগ্য। জানা যাচ্ছে, সেই ১১ টির মধ্যে কোনও নথিতে তাঁর নামের বানান ভুল ছিল। এসআইআর ঘোষণার পর সেই ভুল সংশোধনের বহুবার চেষ্টা করেন জাহির। বিভিন্ন জায়গায় যান। তবে এই পরিস্থিতিতে ভুল সংশোধন করা সম্ভব হয়নি। সেই আতঙ্কেই ভুগতে শুরু করেন জাহির। ঘরছাড়া হতে হবে না তো? বারংবার এই প্রশ্নই তাকে কুরে কুরে খাচ্ছিল ।
মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন যুবক। তৃণমূলও একই দাবি করেছে। উল্লেখ্য, এসআইআর ঘোষণার পর রাজ্যবাসীর মনে দানা বাঁধছে এক অজানা আতঙ্ক। এই আতঙ্কে এখনও পর্যন্ত ৭ জন আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠছে।





