Header AD
Trending

ডব্লিউবিসিএস ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ রাজ্য সরকারের, খুশির হাওয়া আমলা মহলে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক প্রাক্কালে রাজ্যের প্রশাসনিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। রাজ্য প্রশাসনকে আরও সক্রিয় এবং মজবুত করতে ডব্লিউবিসিএস ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ তৈরি করল রাজ্য সরকার। ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। সেইসঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। ডব্লিউবিসিএস অফিসারদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শেষ পর্যন্ত তৈরি করা হল বিপুল সংখ্যক পদ। ঠিক একদিকে যেমন প্রশাসনের শীর্ষ স্তরে বাড়বে রাজ্য ক্যাডারের সংখ্যা, অন্যদিকে পদোন্নতি হওয়ায় আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করছেন ডব্লিউবিসিএস ক্যাডারের অফিসাররা।

গত বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে পদ বৃদ্ধির এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্ট সেক্রেটারি ও সমতুল ক্ষেত্রে অনুমোদিত ছিল ২৫০টি পদ। নতুন করে ১০০টি যুক্ত হওয়ায় মোট পদের সংখ্যা দাঁড়াল ৩৫০। স্পেশাল সেক্রেটারি ও সমতুল ক্ষেত্রে আগে ছিল ১০০টি পদ। ৪০টি নতুন পদ যুক্ত হয়ে হল ১৪০টি। ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলে নতুন পদগুলি কার্যকর হবে। ভোটের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া আমলা মহলে। দীর্ঘদিনের বঞ্চনা বা ক্ষোভ প্রশমিত করে প্রশাসনিক কাজে আরও গতি আনতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।

এদিন নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির ক্ষেত্রে ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনের শীর্ষস্তরে পদোন্নতির ক্ষেত্রে পদ না-থাকার কারণে দীর্ঘদিন ধরে যে জট বা ‘স্থবিরতা’ তৈরি হয়েছিল, এই নতুন পদ সৃষ্টির ফলে তা অনেকটাই কাটবে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা প্রশাসনিক কর্তাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে ।

ডব্লিউবিসিএস অফিসারদের এই দাবি অবশ্য আজকের নয়। দীর্ঘ সময় ধরেই তাঁরা পদোন্নতি এবং ক্যাডার স্ট্রাকচার রিফর্ম নিয়ে সরব ছিলেন। বামফ্রন্ট জমানাতেও এই নিয়ে একাধিকবার দাবি জানানো হয়েছিল বলে অফিসারদের একাংশের অভিযোগ ৷ তাঁদের দাবি, তখন বিষয়টিতে সেভাবে কোনও মান্যতা দেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন । অবশেষে মুখ্যমন্ত্রী কথা রাখলেন বলে প্রশাসনিক মহলের মত। এতদিন পদ খালি না থাকায় বা পর্যাপ্ত পদ না থাকায় নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি আটকে যাচ্ছিল বহু অফিসারের। এবার সেই রাস্তার কাঁটা সরল । এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা। মুখ্যমন্ত্রী বারবারই রাজ্যের অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যের এই পদক্ষেপে স্পষ্ট, যে ডব্লিউবিসিএস স্তরের অফিসারদের জন্য বাড়তি সুযোগ ও সুবিধা তৈরি করতে চাইছে রাজ্য সরকার।