Header AD

আপে ভাঙন, বিজেপিতে যোগ রাঘব চাড্ডা-সহ একাধিক সাংসদের

raghab harbhajan leaves AAP

নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এল আম আদমি পার্টি (AAP)-এর অন্দরমহলের অস্থিরতা। দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) শুক্রবার আনুষ্ঠানিকভাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। তাঁর সঙ্গে আরও একাধিক আপ সাংসদও একই পথে হাঁটছেন বলে জানা গিয়েছে।

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাঘব জানান, রাজ্যসভায় আপের প্রায় দুই-তৃতীয়াংশ সদস্য সংবিধানের বিধান মেনে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে এই সিদ্ধান্তে শামিল হয়েছেন সন্দীপ পাঠক (Sandeep Pathak) ও অশোক মিত্তাল (Ashok Mittal)। পাশাপাশি, হরভজন সিং (Harbhajan Singh)-সহ আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেও দাবি করা হয়েছে। সূত্রের খবর, দলত্যাগীদের তালিকায় রয়েছেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal), রাজিন্দর গুপ্তা (Rajinder Gupta) এবং বিক্রম সাহানির (Vikram Sahney) মতো নেতারাও। সবমিলিয়ে আপের সাতজন সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঘব চাড্ডা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার বিষয়টি অনুভব করছিলেন। তাঁর কথায়, যে দলকে তিনি নিজের পরিশ্রম ও সময় দিয়ে গড়ে তুলেছেন, সেই দল এখন আর জনস্বার্থে কাজ করছে না, বরং ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তাই তিনি নতুন রাজনৈতিক পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যসভার উপদলনেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দেওয়া হয়েছিল, যার পর থেকেই তাঁর দলবদলের জল্পনা তীব্র হয়। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।

অন্যদিকে, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘বিজেপি আবারও পাঞ্জাবের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।‘

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদলের ফলে রাজ্যসভায় আপের শক্তি তো কমবেই। পাঞ্জাবে দলের কাজকর্মেও তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।