বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের সময় তৃণমূল বিধায়কদের স্বাক্ষর নিয়ে ওঠা বিতর্কের তদন্তে ফের সিআইডির (CID) হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে তিনি দিল্লিতে থাকায় নির্ধারিত দিনে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে তদন্তকারী সংস্থার কাছে আরও সময় চেয়েছেন।
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে শনিবারই রাজধানীতে গিয়েছেন অভিষেক। সেখান থেকেই তিনি সিআইডিকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে, দিল্লিতে একাধিক কর্মসূচির কারণে এদিন ভবানী ভবনে উপস্থিত হওয়া সম্ভব নয়।
বিরোধী দলনেতা নির্বাচনের সময় তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে অসঙ্গতির অভিযোগ তুলে দলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করলে তদন্তভার নেয় সিআইডি। তদন্তের স্বার্থে একাধিক বিধায়ককে নোটিশ পাঠানোর পাশাপাশি গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়।
তবে প্রথম দফার তলবেও হাজিরা দেননি তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে ১ জুনের নির্ধারিত হাজিরা এড়িয়ে ১৫ দিনের সময় চেয়েছিলেন। যদিও সিআইডি তাঁকে সাত দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেয়। সেই সময়সীমা শেষ হলেও এদিনও তদন্তকারীদের সামনে হাজির হলেন না তৃণমূলের শীর্ষ নেতা।
এদিকে, এই মামলায় সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে গত বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানানো হলেও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস সেই আবেদন খারিজ করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ জুন মামলাটির শুনানি হওয়ার কথা।
সিআইডিকে পাঠানো চিঠিতে হাই কোর্টে চলমান মামলার বিষয়টিও উল্লেখ করেছেন অভিষেক। পাশাপাশি, দিল্লিতে থাকার কারণে আপাতত হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে আরও কিছু সময় চেয়েছেন তিনি।





