Header AD

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’পোর্টালে প্রথমদিনেই ব্যাপক সাড়া, রেজিস্ট্রেশন ৫০ হাজারেরও বেশি

মাত্র ২৪ ঘণ্টা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু হয়েছে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’পোর্টাল। বাংলার বিরোধী শক্তিকে জবাব দিতে নতুন এই ডিজিটাল ক্যাম্পেন চালু করেছেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চালুর সঙ্গে সঙ্গেই এই পোর্টাল নিয়ে বিপুল সাড়া পড়ে গিয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি মানুষ এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন বলে খবর। এই পদক্ষেপ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের ডিজিটাল লড়াই হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছে শাসক শিবির।
প্রতি বছর নির্বাচনের আগে বাংলার শাসকদল কোনও না কোনও নতুন কর্মসূচি ঘোষণা করে। তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’কর্মসূচি সাড়া ফেলে দিয়েছিল। অভিষেক নিজে রাজ্যের প্রায় সবকটি জেলা ঘুরে এই কর্মসূচিতে যোগ দেন। সেই সময় ডায়মন্ড হারবারের সাংসদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পঞ্চায়েত ভোটের বহু প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল ‘যুদ্ধ’কেই হাতিয়ার করতে চায় তৃণমূল। সেই কারণে ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেন তিনি। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন।’সেই আবেদনেই এত বিপুল সাড়া পড়েছে বলে মনে করা হচ্ছে।