Header AD
Trending

সই জালিয়াতি কাণ্ডের তদন্তে ফের সিআইডির মুখোমুখি অভিষেক! তলব কুণালকেও

ab kg

সই জালিয়াতি মামলার তদন্তে রবিবার ফের সিআইডির জেরার মুখোমুখি হলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তদন্তের স্বার্থে তাঁকে দুপুর ১২টার সময় ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের কিছু আগে, বেলা সাড়ে ১১টার পর কালীঘাটের বাসভবন থেকে রওনা দিয়ে তিনি প্রায় ১১টা ৪৩ মিনিটে সিআইডি সদর দপ্তরে পৌঁছন।ভবানী ভবনে প্রবেশের সময় নিরাপত্তা বিধি মেনে তাঁকে পরিচয়পত্র দেখাতে হয়। প্রথমে পরিচয়পত্র সঙ্গে না থাকায় তাঁর এক সহযোগী গাড়ি থেকে সেটি এনে দেন। এরপর পরিচয়পত্র যাচাইয়ের পর তিনি ভবনের ভিতরে প্রবেশ করেন।এই মামলায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, তলব করা হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক Kunal Ghosh-কেও।

জানা গিয়েছে, তাঁকে বিকেল ৩টার পর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এবং ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন।তদন্তে নতুন কোনও দিক সামনে আসতে পারে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও দীর্ঘ সময় ধরে সিআইডি আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অভিষেককে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম্যারাথন জেরার পর রাত সাড়ে ১১টা নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। তদন্তকারী সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। বিশেষ করে, বিতর্কিত রেজোলিউশনের আসল নথি কোথায় রয়েছে, সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।তদন্তকারীরা এবার সেই সব অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তাঁকে ডেকেছেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে।উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে ভবানী ভবনে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলে সোজা কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে যান। সেদিন রাতেই তাঁদের মধ্যে বৈঠক হয় বলে সূত্রের খবর। তদন্তে পাওয়া উত্তর নিয়ে সিআইডি সন্তুষ্ট না হওয়াতেই রবিবার ফের তাঁকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে সই জাল কাণ্ডে তৃণমূলের আরেক বিধায়ক কুণাল ঘোষ ইতিমধ্যেই ভবানীভবনে হাজির হয়েছেন। তাঁকেও এদিন জেরার জন্য ডাকা হয়েছে। তিনি তদন্তকারীদের সবরকম সহযোগিতা করবেন বলে আশ্বাসও দিয়েছেন।প্রসঙ্গত, এই কেসের তদন্তে ইতিপূর্বে কুণাল ঘোষের বাড়িতেও গিয়েছিল সিআইডি।