চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে অভিষেক জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। ডিজে-সংক্রান্ত মামলায় ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না মেলায় তিনি শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
এর আগে কলকাতা হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করে জানায়, কলকাতার এসএসকেএম হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো যেতে পারে। আদালত আরও জানায়, প্রয়োজনে এসএসকেএমে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে বিচারপতি প্রশ্ন তোলেন, বিদেশেই কেন চিকিৎসা করাতে হবে, যখন কলকাতাতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যদিও অভিষেকের আইনজীবীরা আদালতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন।এখন সুপ্রিম কোর্ট এই আবেদনে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।





