Header AD

উত্তরাখণ্ডে বিপত্তি, গাড়ির উপর বোল্ডার পড়ে কেদারনাথ যাওয়ার পথে মৃত ২


বিগত বেশ কয়েকদিন ধরে বিপুল পরিমাণ বৃষ্টিতে নাজেহাল উত্তরাখণ্ড। লাগাতার বর্ষণে একাধিক অংশ বিপর্যস্ত। ধস নামার ফলে ভেঙেছে প্রচুর ঘর-বাড়ি। সোমবার কেদারনাথের জাতীয় সড়কে চলন্ত গাড়ির উপরে পাথরের চাঙড় ভেঙে পড়ে দুই জনের মৃত্যু হল। গুরুতর আহত ছয় জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিন সকাল ৭টা নাগাদ সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে মানকাটিয়ায় ধসের ফলে হঠাৎ পাহাড়ের গা দিয়ে বোল্ডার নামতে শুরু করে। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়ির ওপর বোল্ডারটি পড়ে। রুদ্রপ্রয়াগের জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের অফিসার নন্দন সিংহ রাজওয়ার এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, দুর্ঘটনায় উত্তরকাশীর বারকোটের দুজন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।তাঁদের নাম রিতা (৩০) ও চন্দ্র সিংহ (৬৮)। আহতদের মধ্যে রয়েছেন নবীন সিংহ রাওয়াত, মোহিত চৌহান, প্রতিভা, রাজেশ্বরী, মমতা এবং পঙ্কজ । প্রত্যেকেই উত্তরকাশীর বাসিন্দা। গত ২৯ আগস্ট উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের ফলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ’জন। চমোলীর থরোলি জেলায় গত ২৩ আগস্ট ধস নামায় প্রাণ হারিয়েছেন এক মহিলা। ।