তৃণমূলের প্রাক্তন নেতা ও বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে চলা তদন্তে উঠে এল নতুন চাঞ্চল্যকর তথ্য। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করেছে বিধাননগর পুলিশ। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া প্রায় ৩ কেজি সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটিরও বেশি।
চলতি মাসের শুরুতে তোলাবাজি, বেআইনি সম্পত্তি অর্জন এবং আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। তদন্তের সময় তাঁর বিভিন্ন সম্পত্তি, ব্যাঙ্ক লকার এবং রাজারহাটের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ সোনা ও সোনা কেনার নথি উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার হওয়ার পাশাপাশি বেশ কিছু আর্থিক লেনদেনের তথ্যও সামনে আসে।
তদন্তে উঠে আসে, শুধু নিজের জন্য নয়, ঘনিষ্ঠ কয়েকজনের নামেও সোনা কেনার ব্যবস্থা করেছিলেন সব্যসাচী। সেই সূত্র ধরেই সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়। তদন্তকারীরা সব্যসাচী দত্তকেও সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন।
দীর্ঘ তল্লাশির পর টিনার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়। প্রাথমিক হিসেব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত গয়না। সেগুলির উৎস এবং কেনার অর্থ কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা মনে করছেন, সব্যসাচী দত্তকে কেন্দ্র করে গড়ে ওঠা আর্থিক লেনদেন ও সম্পত্তির জাল আরও বিস্তৃত হতে পারে। সেই সম্ভাবনা মাথায় রেখেই একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।





