বিমানবন্দরে অনেক রাতের মেট্রো ধরতে ও বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁছনো হতে চলেছে আরও সহজ। কলকাতা মেট্রোর হলুদ লাইনে (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর) বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ৩ নভেম্বর, সোমবার থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে। হলুদ লাইনে সোম থেকে শুক্রবার যাত্রীরা আরও সকালে মেট্রো ধরতে পারবেন। পাশাপাশি আগের থেকে বেশি রাত পর্যন্ত চালানো হবে মেট্রো।
মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার থেকে শুক্রবার হলুদ লাইনে ১২০টি ট্রেন (৬০টি আপ, ৬০টি ডাউন) চলাচল করবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো এত দিন যাবত সকাল ৭টা ৫৫ মিনিটে ছাড়ত। এখন তা ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে সকালে প্রথম মেট্রো ছাড়ত ৮টার সময়। সোমবার থেকে তা ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে।
উল্লেখ্য, এতদিন নোয়াপাড়া থেকে বিমানবন্দর যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়ত রাত ৮টায়। সোমবার থেকে তা কিছুটা পিছিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে ছাড়বে। বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো রাত ৮টা ৫ মিনিটের বদলে ৯টা ১৮ মিনিটে ছাড়বে। তবে কেবল এই পরিষেবা মিলবে সোম থেকে শুক্রবার ।
প্রসঙ্গত, শনিবারও মেট্রোর সংখ্যা বাড়তে চলেছে হলুদ লাইনে। ওই রুটে সপ্তাহান্তে মেট্রো চলত ৪৪টি। রবিবার ওই রুটে চলত ৪০টি মেট্রো। তা বেড়ে হচ্ছে ৭৮টি (৩৯টি আপ এবং ৩৯টি ডাউন)। ৩ নভেম্বরের পরের সপ্তাহান্ত থেকে সেই সংখ্যা বেড়ে হবে ৯২ (৪৬টি আপ, ৪৬টি ডাউন)। শনি এবং রবিবার ওই রুটে ১৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। আগে ৩৫ মিনিট অন্তর মিলত পরিষেবা। যাত্রীদের কথা মাথায় রেখে বিমানবন্দরে যাতায়াতের সুবিধার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে, বলে জানানো হয়েছে মেট্রোরেলের তরফে।





