Header AD

গার্ডেনরিচে দুঃসাহসিক চুরি! একা বৃদ্ধাকে টার্গেট করে নগদ- সোনা লুট

ফের লুট কলকাতায়। একাকী বাড়িতে থাকা বৃদ্ধাকে টার্গেট করে দুষ্কৃতীরা গভীর রাতে  বাড়িতে ঢুকে লুটপাট চালায়। অনুমান করা হচ্ছে ওই বৃদ্ধাকে কিছু রাসায়নিক স্প্রের সাহায্যে অজ্ঞান করে সোনার গয়না, টাকা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোড এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, মেটিয়াবুরুজ থানার পাহাড়পুর রোড এলাকায় তিনতলা বাড়িতে থাকেন দুই বৃদ্ধা অশোকা চট্টোপাধ্যায় এবং আরতি চট্টোপাধ্যায়। বৃদ্ধা অশোকা চট্টোপাধ্যায়ের ঘরে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা ভাইফোঁটার জন্য এক আত্মীয়ের বাড়ি গিয়ে সেখানেই থেকে গিয়েছিলেন। এদিকে পাহাড়পুর রোডের ওই বাড়িতে তাঁর সম্পর্কে জা আরতি চট্টোপাধ্যায় ছিলেন। অন্যান্য দিনের মতো রাতে নির্দিষ্ট সময়ে একতলায় নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন আরতি। রাতে দুষ্কৃতীরা ওই বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। বৃদ্ধার ঘরে ঢুকে কিছু রাসায়নিক স্প্রে করা হয়েছিল, ফলে ঘুম আরও গভীর হয় বলে অনুমান। এদিকে দোতলায় বৃদ্ধা অশোকার ঘরে ঢুকে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। এদিন সকালে ওই চুরির ঘটনা জানাজানি হয়।

জানা গিয়েছে, মোট ৮০ হাজার টাকা নগদ, সোনার গয়না, ঠাকুরের রুপোর মুকুট চুরি গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেটিয়াবুরুজ থানার পুলিশ। বৃদ্ধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের  পর পুলিশ জানতে পারে, রাতে তিনি একটি ঘোরের মধ্যে ছিলেন। সাড়াশব্দ পেলেও শরীর ভারী হয়ে যাওয়ায় তিনি উঠতে পর্যন্ত পারেননি। আপাতত ওই ঘর থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ । আশেপাশে থাকা সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই  ঘটনায় বৃদ্ধা ও তাঁর আত্মীয়রা তো বটেই এলাকার মানুষজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।