Header AD

১৩ বছর পর হাওড়া-বালিতে ফের পুরভোটের ইঙ্গিত! দুর্নীতির তদন্তেও কড়া বার্তা শুভেন্দুর

suvendu howrah municipality

দীর্ঘ প্রায় ১৩ বছর পর হাওড়া পুরনিগমে ফের নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া এবং বালি পুরসভায় ভোট অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াও শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর ভোট হয়নি। এরপর দীর্ঘদিন ধরে প্রশাসক নিয়োগ করেই পুরসভার কাজ চালানো হচ্ছিল। এই সময়ে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি দুর্নীতির অভিযোগও সামনে আসে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু পুরপরিষেবা সম্ভব নয়। তাঁর কথায়, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সাধারণ মানুষ প্রকৃত পরিষেবা পেতে পারেন।”

শুধু নির্বাচন নয়, পুরনিগমে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন তিনি। বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট-সহ বিভিন্ন অনিয়মের তদন্তে ইতিমধ্যেই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এছাড়াও হাওড়া পুরসভায় কর্মরত অস্থায়ী কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, প্রায় ১৭০০ অস্থায়ী কর্মীর মধ্যে অন্তত ৫০০ জন কোনও কাজ না করেই বেতন পাচ্ছেন। সেই বিষয়েও তদন্ত হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু (Suvendu Adhikari)।