Header AD
Trending

বারুইপুরের পর পূর্ব বর্ধমানে নারী নির্যাতনের ঘটনা!সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভপ্রকাশ অভিষেকের

ab-ranibandh

ফের ধর্ষণ-খুনের ঘটনা! বারুইপুরের পর এবার পূর্ব বর্ধমানে নৃশংসতার শিকার এক মহিলা । মঙ্গলবার সকালে দেওয়ানদিঘী থানার অন্তর্গত পালিতপুরের ক্যানেলপাড় মাঠ থেকে এক আদিবাসী মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর স্বামী ও পরিবার। এই ঘটনা প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি বিজেপি শাসিত বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মৃতার পরিবারের অভিযোগ, স্বামী বাড়ি না ফেরায়, তাঁকে খুঁজতে বের হন ওই মহিলা। এর কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে এলেও স্ত্রী ফেরেননি। স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১২টা পর্যন্ত খোঁজাখুঁজি করে হদিশ মেলেনি। মঙ্গলবার সকালে মাঠের পাশে ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনার পিছনে শেখ আইজুল নামে এক ব্যক্তি জড়ি্ত আছে বলে মৃতার ভাইয়ের দাবি।

ঘটনার খবর পেয়ে দেওয়ানদিঘী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার পর অভিযুক্ত শেখ আইজুলের সন্ধানে তল্লাশি শুরু করেছে দেওয়ানদিঘী থানার পুলিশ।

এদিকে এই ঘটনা সামনে আসতেই নিজের এক্স হ্যান্ডেলে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যে রাজ্যের নারী নিরাপত্তা ভেঙে পড়েছে বলে দাবি করে অভিষেক লেখেন, “মহিলারা এখন আতঙ্কের মধ্যে বাস করছেন। পরিবারগুলো বিচার চাইছে। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই এই দশা! বিজেপি-র ফাঁপা স্লোগান মুখোশহীন হয়ে পড়েছে। এবার কি কোনও কমিশন পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে না? নাকি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই ‘গ্যারান্টি’র কথাই বলেছিলেন?”