‘বন্দুকের ক্ষমতা বড়, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়! এটাই আমি দেখতে চাই।‘ ভোটের মুখে বিজেপির ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর রাজনীতিকে কড়া চ্যালেঞ্জ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খড়দহ বিধানসভার সূর্যসেন নগর খেলার মাঠে তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের সমর্থনে এদিন জনসভা করেন তিনি। এই সভা থেকেই কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। বিজেপি সরকারকে ১২ বছর ক্ষমতায় থাকা নিয়েও কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, “ ১২ বছরে কোনও কাজ করেনি দেশকে ধংস করা ছাড়া।“
পাশাপাশি এদিনের সভা থেকে মহারাষ্ট্র, বিহারে ইভিএমে কারচুরি করা এবং বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে বিজেপি জিতেছে বলেও অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “মহারাষ্ট্রে জোর করে জিতেছে, ইভিএমে কারিকুরি করেছে! বিহারে একই কাজ করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি। ওরা ধরতে পারেনি।” এরপর বিজেপিকে তাঁর হুঁশিয়ারি, “বাংলার উপর যে অত্যাচার করেছ, গণতান্ত্রিক ভাবে তার বদলা তো নেবই! ভোটের বাক্সে বদলা হবে।“
এই জনসভা থেকে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পনামাফিক ১০ টাকা নিয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী। আগে থেকেই ক্যামেরাম্যানদের প্রস্তুত রাখা হয়েছিল। মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, “আগে বলতেন চাওয়ালা, এখন বলছেন ঝালমুড়ি খেয়ে দেখি! মাছটা খেয়ে দেখবেন নাকি?” এছাড়াও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আরও বলেন, নিজের নামে স্টেডিয়াম, মাঠ, কোভিড ইনজেকশন কী না করেছেন! সবেতেই তোমার নাম, কী লাভ? মনে রাখবেন নতুন সরকার এসে আবার সব বদলে দেবে।“ এদিনের সভা থেকে দলীয় কর্মীদের ফের ইভিএম পাহারার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো । তাঁর আশঙ্কা, ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী সেগুলি বদলে দিতে পারে। এই বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।




