Header AD
Trending

প্রশ্ন ফাঁসের জের! বাতিল সর্বভারতীয় নিট ইউজি , সমস্যায় ২২ লক্ষ পরীক্ষার্থী, তদন্তে সিবিআই

neet

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ!তার জেরেই বাতিল করা হল নিট ইউজি (NEET UG)২০২৬।গত ৩ মে সারা দেশে ডাক্তারির এই প্রবেশিকায় পরীক্ষা হয়েছিল। ফের নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সারা দেশে এই পরীক্ষা হয় গত ৩ মে।এই বছর ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী নিটে বসেন। কিন্তু তার পরই দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে।বিশেষত সমস্যা দানা বাঁধে রাজস্থানে। সোমবারই রাজস্থানে নিটের প্রশ্নপত্রের একাংশ ফাঁসের খবর ছড়ায়। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রের দর ওঠে ২০ হাজার থেকে ২লক্ষ পর্যন্ত। এরপরই ঘটনা তদন্তে নামে রাজস্থান স্পেশাল অপারেশন গ্রুপ।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এরপরই নড়েচড়ে বসে আয়োজক সংস্থা এনটিএ (National Testing Agency)। জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর তাদের মনে হয়েছে পরীক্ষার ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়ে থাকতে পারে। তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে এনটিএ জানিয়েছে, তথ্য প্রমাণের ভিত্তিতে এই পরীক্ষাকে মান্য স্বীকৃতি দেওয়া যায় না। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার খাতিরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বলে সংস্থার দাবি। শীঘ্রই নতুন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে এনটিএ জানিয়েছে।

কী ভাবে ফাঁস হল নিট ইউ-র প্রশ্ন, তা তদন্ত করে দেখার ভার সিবিআইয়ের হাতে সঁপেছে কেন্দ্র। জানা গিয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে রাজস্থান থেকে প্রায় ৪৫ জনকে আটক করা হয়েছে। মনে করা হচ্ছে, ছাপাখানা থেকে প্রশ্ন ফাঁস হয়ে থাকতে পারে। ফলে অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে এনটিএ সব রকম ভাবে তদন্তে সাহায্য করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, হাতে লেখা একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল।

নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। ফলে ধন্দে পরীক্ষার্থীরা। তবে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। পুরনো তথ্য ব্যবহার করেই তারা পরীক্ষার আয়োজন করবে। এ জন্য আলাদা কোনও আবেদনমূল্য দিতে হবে না পরীক্ষার্থীদের। এমনকি পরীক্ষাকেন্দ্রও একই থাকবে সব পরীক্ষার্থীর। তবে, নতুন করে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। কিন্তু আবার কবে পরীক্ষা হবে, সেই দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি।