Header AD

৩০ সেপ্টেম্বরের মধ্যে কলকাতার সব নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শহরের সমস্ত বাণিজ্যিক সংস্থা ও হাসপাতালের নামফলক বাংলায় লেখা বাধ্যতামূলক। সম্প্রতি এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। অনেক দিন আগে থেকেই প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার অনুরোধ করছে পুরসভা। তবে সেই অনুরোধে বিশেষ কাজ হয়নি। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান পুরসভার নির্দেশ মান্য করেনি। এবার এই বিষয়ে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পুরসভা।

পুরসভার এক শীর্ষকর্তার কথায়, অন্তত ৪৫ হাজার বাণিজ্যিক সংস্থা পুরসভার ট্রেড লাইসেন্সের আওতায়। এইসব সংস্থাকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলা ভাষার এক সুবিশাল ঐতিহ্য রয়েছে। কলকাতার সিংহভাগ মানুষ বাঙালি । তাই জনস্বার্থে বাধ্যতামূলকভাবে এই নির্দেশ সংস্থা বা প্রতিষ্ঠানকে মানতে হবে। শহরের সব দোকান, কোম্পানি, অফিস, রেস্তরাঁ, হোটেল, হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার অর্থাৎসব বাণিজ্যিক প্রতিষ্ঠান এই নির্দেশের আওতায় আসবে। না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পুরসভা।