ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতি ও প্রবেশন সংক্রান্ত নিয়মে সংশোধনের প্রস্তাবে মঙ্গলবার সিল মোহর দিল রাজ্য মন্ত্রীসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, প্রশাসনের উচ্চস্তরে অভিজ্ঞ আধিকারিকের সংখ্যা বাড়ানো এবং বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্পের মধ্যে সামঞ্জস্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
নতুন নিয়ম অনুযায়ী, ডব্লিউবিসিএস আধিকারিকদের প্রথমে দু’বছর প্রবেশনে থাকতে হবে। এরপর টানা তিন বছর বিডিও হিসেবে দায়িত্ব পালন করলে তাঁরা সরাসরি এসডিও (SDO) পদে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, চাকরির পাঁচ বছর পূর্ণ হলেই এসডিও পদে পদোন্নতির রাস্তা খুলে যাবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, পদোন্নতি সংক্রান্ত রেকর্ড খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৪৬টি দপ্তরের তথ্য বিশ্লেষণের পর নীতিগত পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য সরকার। শুধু ডব্লিউবিসিএস নয়, অন্যান্য রাজ্য পরিষেবাতেও ধাপে ধাপে একই ধরনের সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, বিভিন্ন ক্যাডারে ঊর্ধ্বতন স্তরে অতিরিক্ত ২০ শতাংশ পদ সৃষ্টি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পদোন্নতির জট অনেকটাই কমবে বলে আশা প্রশাসনিক মহলের।
পুলিশ-সহ অন্যান্য রাজ্য পরিষেবাতেও একই ধরনের পদোন্নতির সুযোগ চালুর বিষয়টি বিবেচনাধীন বলে জানা গেছে। সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতির সমস্যা উল্লেখযোগ্যভাবে মিটবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





