Header AD
Trending

ধর্মীয় মেরুকরণ বিতর্কের আবহে এআর রহমানকে কেনেডি সেন্টারে আমন্ত্রণ ট্রাম্প পত্নী মেলানিয়ার, কারণ কী?

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধর্মীয় বিভাজন ও মেরুকরণের রাজনীতি নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জেরে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রে এ আর রহমান। বলিউডে তাঁকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন তত্ত্ব ঘিরে বিতর্ক চললেও তারকা মহলের বড় অংশ সেই দাবি মানতে নারাজ। তবু রহমানের বক্তব্য ঘিরে চর্চা থামেনি। ঠিক এমন সময়েই একেবারে অন্য প্রেক্ষাপটে উঠে এল অস্কারজয়ী সুরকারের নাম। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে কেনেডি সেন্টারে উপস্থিত ছিলেন রহমান।

আসলে মেলানিয়া ট্রাম্পের জীবন ও ব্যক্তিত্ব ঘিরে তৈরি হয়েছে একটি তথ্যচিত্র—মেলানিয়াশুক্রবার বিশ্বজুড়ে মুক্তির আগে বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বসেছিল তারকাখচিত প্রিমিয়ার। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট অতিথিদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন এ আর রহমান।

২৯ জানুয়ারি অনুষ্ঠিত ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, র‍্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম, আর্থিক জগতের আলোচিত চরিত্র জর্ডান বেলফোর্ট (যাঁর জীবন থেকে অনুপ্রাণিত ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’)। পাশাপাশি অতিথি তালিকায় ছিলেন নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, মার্কিন সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই তারকা সমাবেশে এ আর রহমানের উপস্থিতি যে বিশেষ আকর্ষণ ছিল, তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে, তথ্যচিত্রে মেলানিয়ার ফ্যাশন আইকন বা কূটনৈতিক ভূমিকার বাইরেও তাঁর আরেকটি দিক তুলে ধরা হয়েছে—ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তাঁর কাজ। আমাজনের এমজিএম স্টুডিও এই তথ্যচিত্র নির্মাণে প্রায় ৪০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে। ছবির একটি উল্লেখযোগ্য দৃশ্যে দেখা যাবে, রাষ্ট্রপতির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পোশাকে মেলানিয়া নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিচ্ছেন।

গত শনিবার হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়। শুক্রবার আমেরিকার দেড় হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেলানিয়া’। যদিও অগ্রিম টিকিট বিক্রির ছবিটা নির্মাতাদের জন্য মোটেও স্বস্তির নয়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র তিনটি টিকিট। এই পরিস্থিতিতে প্রিমিয়ারে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের উপস্থিতি যে প্রচারের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা সহজেই অনুমেয়।