Header AD
Trending

সিন্ডিকেট-কাটমানি-উসুলি বন্ধ! “জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব,” শিল্পে জোয়ার আনতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

suvendu falta

বামফ্রন্টের দীর্ঘ শাসনকালে শিল্পে মন্দা, একের পর এক কারখানা বন্ধ, কর্মসংস্থানের সংকট এবং শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে নতুন শিল্পনীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।শুক্রবার বাঁকুড়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে শিল্পায়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তাঁর কথায়, “সবে শুরু। এবার যেমন ভোটের ফল গণনা হয়েছে, তেমনই বাংলায় শিল্পেরও কাউন্টিং শুরু হবে।”

মুখ্যমন্ত্রী বলেন, গত পাঁচ দশকে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। তাঁর অভিযোগ, বাম আমলে শ্রমিক স্বার্থের নামে ট্রেড ইউনিয়নের দৌরাত্ম্যে শিল্পপতিরা রাজ্য ছাড়তে বাধ্য হন। ফলে একের পর এক জুটমিল ও কারখানায় তালা পড়ে, কর্মসংস্থানের সুযোগ কমে যায় এবং বহু মানুষ জীবিকার সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হন।

এই পরিস্থিতি বদলাতেই সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান শুভেন্দু। তাঁর ঘোষণা, শিল্পাঞ্চলে কোনওরকম দাদাগিরি, সিন্ডিকেট বা জোর করে কারখানা বন্ধের চেষ্টা বরদাস্ত করা হবে না। কারখানার গেটে বেআইনি তালা লাগানো কিংবা ভাঙচুরের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে স্পষ্ট বার্তা দেন— “নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। কোথাও এমন অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

বিনিয়োগকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ব্যবসা করতে গিয়ে আর প্রশাসনিক জটিলতা বা কাটমানির মুখে পড়তে হবে না। তাঁর দাবি, অতীতে উচ্চস্তরে অনুমোদন মিললেও স্থানীয় স্তরে নানা বাধার মুখে পড়তে হতো শিল্পপতিদের। এখন সেই সংস্কৃতি বদলেছে এবং সরকার নিজেই প্রয়োজনীয় সহায়তা করবে।

শুভেন্দু আরও জানান, শিল্পে সরকারি ইনটেন্সিভ নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র বিনিয়োগের অঙ্ক নয়, কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাঁর মতে, শিল্পের প্রকৃত সাফল্য নির্ভর করবে নতুন চাকরি তৈরির উপর।মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ন’সপ্তাহের মধ্যেই রাজ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ এসেছে। পাশাপাশি একাধিক শিল্পগোষ্ঠী নতুন প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান।

বক্তৃতার শেষদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) কটাক্ষ করে শুভেন্দু বলেন, তিনি যেন শ্যাম স্টিলের নতুন প্ল্যান্টটি একবার ঘুরে দেখে যান। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে শিল্পের পরিবেশ নষ্ট হয়েছিল এবং বিনিয়োগকারীরা রাজ্য ছাড়ছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেই শিল্পপতিরা আবার পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন বলে দাবি করেন তিনি।