বাংলায় ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ যেন ক্রমশ প্রকাশ্যে আসছে। দলের ভরাডুবির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘কর্পোরেট কালচার’ এবং স্বজনপোষণের অভিযোগ নিয়ে একের পর এক নেতা সরব হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই পাঁচ নেতাকে শোকজ করেছে দল। এবার নতুন করে বিতর্কে জড়ালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর মেয়ে প্রিয়দর্শিনী হাকিম।
সোশ্যাল মিডিয়ায় করা এক ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রিয়দর্শিনী লেখেন, মহাভারতের যুদ্ধের অন্যতম কারণ ছিল ধৃতরাষ্ট্রের পক্ষপাতিত্ব এবং দুর্যোধনের প্রতি অন্ধ পুত্রস্নেহ। পাশাপাশি রামায়ণের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, অন্ধ আনুগত্য ও ভুল সিদ্ধান্তই শেষ পর্যন্ত রামরাজত্বের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাঁর বার্তা ছিল— “নীতিহীন আনুগত্যে অন্ধ হবেন না” এবং “চোখে ঠুলি বেঁধে থেকো না, কান দিয়ে দেখো না।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে প্রিয়দর্শিনী পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া পরিবারতন্ত্র এবং স্বজনপোষণের রাজনীতিকেই নিশানা করেছেন। রামায়ণ ও মহাভারতের উদাহরণ টেনে তিনি দলের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে চেয়েছেন বলেই মত বিশ্লেষকদের।
উল্লেখ্য, ফিরহাদ হাকিম (Firhad Hakim) কখনওই অভিষেক ঘনিষ্ঠ শিবিরের অন্যতম মুখ ছিলেন না বলে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দলের বয়সসীমা সংক্রান্ত অভিষেকের সিদ্ধান্ত নিয়েও অতীতে প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির মধ্যেও কলকাতা বন্দর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাকেশ সিং (Rakesh Singh)-কে হারিয়ে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। এবার ভোট-পরবর্তী ক্ষোভের আবহে প্রিয়দর্শিনীর এই পোস্ট তৃণমূলের অন্দরের চাপা অসন্তোষকে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।





