আনন্দপুরে মোমো কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই আবার ওই এলাকাতেই একটি নামী কেক প্রস্তুতকারী সংস্থার কারখানায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের কসবা এলাকায় ওই কেক তৈরির কারখানাটি অবস্থিত, যা আনন্দপুর থানার অন্তর্গত। সোমবার রাত আটটা নাগাদ কারখানার ভিতরে হঠাৎ আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকা ঘিরে ফেলে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। তিনটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি কারখানার সমস্ত নথিপত্র ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই আনন্দপুরে একটি মোমো তৈরির কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। আগুন লাগার সময় অনেকেই ভিতরে আটকে পড়ায় তাঁদের জীবন্ত দগ্ধ হতে হয়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাংশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল এবং ২৭ জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।




