Header AD

ফের শহরে অগ্নিকাণ্ড! চিৎপুরের ঝুপড়িতে আগুন, ঝলসে মৃত ১

গত দু’সপ্তাহে কলকাতায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে চিৎপুরের একটি ঝুপড়ি এলাকায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে বলে খবর।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই তাঁরা বিষয়টি টের পান এবং সতর্ক হন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলকর্মী ও স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়, বিশেষ করে আনন্দপুরে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই চিৎপুরের এই আগুন লাগায় আতঙ্ক আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় আনন্দসাগর সাউ (৪৮) নামে এক ব্যক্তি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কীভাবে তিনি আগুনের কবলে পড়লেন —তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কীভাবে আগুন লাগল তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি আনন্দপুরের নাজিরবাদ এলাকায় দু’টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ২৫টি দেহাংশ উদ্ধার হয়েছে। নিখোঁজ ২৭ জন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম। তারই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় লেক টাউনে একটি বিরিয়ানির দোকানে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই রাতে ফের আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন শহরবাসী।