Header AD

টলিউডে ফের দুসংবাদ! প্রয়াত বাচিকশিল্পী অভিনেতা বিপ্লব দাশগুপ্ত

Biplab Dasgupta Death

টলিউডে আবারও নেমে এল শোকের ছায়া (Tollywood Death News)। শুক্রবার চিরবিদায় নিলেন বিশিষ্ট অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী। বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ স্ত্রী রুমা দাশগুপ্ত ও কন্যা প্রিয়ম দাশগুপ্তসহ অগণিত গুণগ্রাহী। শিল্পীর মরদেহ শুক্রবার বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে নিয়ে আসা হলে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রসেনজিৎ, শান্তিলাল মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীসহ টলিউডের অনেকেই।  

জানা গিয়েছে, প্রায় দেড় বছর ধরেই রোগে ভুগছিলেন বিপ্লববাবু। দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডেই ছিল তাঁর বাসভবন। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন  তিনি। ছোটপর্দার পাশাপাশি নিজের অভিনয় দক্ষতায় বড়পর্দাতেও দর্শকদের মন জয় করেছিলেন। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ এবং ‘গুমনামি’র মতো একাধিক উল্লেখযোগ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে। ২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো প্রখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেও তিনি বিশেষভাবে নজর কেড়েছিলেন। সাহিত্য, নাট্যজগতেও ছিল বিপ্লব দাশগুপ্তর অবাধ বিচরণ। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাচিকশিল্পী হিসেবেও ছিলেন ভীষণ জনপ্রিয়। উল্লেখ্য, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অভিনয়, আবৃত্তির পাশাপাশি ভয়েস ওভার আর্টিস্ট এবং বিজ্ঞাপন দুনিয়াতেও খ্যাতি অর্জনি করেন। শুক্রবার বহুমুখী প্রতিভার অধিকারী প্রবীণ শিল্পীকে হারিয়ে ফের শোকস্তব্ধ লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া।