“একজন আইনজীবী হিসাবে মনে হয়, এতগুলো নাম বাদ যাওয়ার কারণে আমাদের আবার কোর্টে যাওয়া উচিত। আমরা যাবও।” আরামবাগের নির্বাচনী জনসভা থেকে এসআইআর-এ নাম বাদ পড়া নিয়ে ফের কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর সংযোজন, “সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বলে ৩২ লক্ষ মানুষের উঠেছে। আরও অনেক নাম বাদ গিয়েছে। আজ না হোক, কাল তো তাদের নাম উঠবেই।”পাশাপাশি প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এখনও অনেক লোকের নাম তোলা বাকি, লিস্ট সেন ফ্রোজেন করে দিল আমার মাথায় ঢুকছে না।”
এদিনের সভায় এসআইআর-এ এত গুলো মানুষের নাম বাদ দেওয়ার বিরুদ্ধে আবার কোর্টে যাওয়া উচিত বলে জানালেন মুখ্যমন্ত্রী। কেন ট্রাইবুনালে আবেদন করার সুযোগ না দিয়ে প্রথম দফার ভোটে ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, “আমি বোকা হতে পারি, কিন্তু একজন আইনজীবী হিসাবে আমার মনে হয়, আবার আমাদের কোর্টে যাওয়া উচিত। আমরা আবার যাব।”ভোটারদের নাম বাদ যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “চৈত্র সেলের মতো দেশের সব জায়গা বিক্রি হয়ে গিয়েছে। কিছু করার নেই।” একই সঙ্গে তাঁর সংযোজন, “তবু বলি ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই হবে।”
এবার রাজ্যে সাংঘাতিক পরিস্থিতিতে ভোট হচ্ছে বলে আরামবাগের সভা থেকে দাবি করেন তৃণমূল নেত্রী। আরামবাগের সভায় অমিত শাহের নাম না করে তাঁর তোপ, “মোটাভাই যাঁর বাড়িতে ভাত খেয়েছিলেন, তাঁর নামও বাদ দিয়ে দিয়েছে।”তারপরই তিনি গর্জে ওঠেন, “একটা ভোট থাকলে সেটাও তৃণমূলের বাক্সে পড়বে। বিজেপি বা অন্য কোন দলের বাক্সে পড়বে না।”
এদিনের সভা থেকে দলীয় কর্মীদের ফের একবার সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, “ছাত্র-যুব, মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবেন না, আমার চেয়ে বড় এনিমি (শত্রু) তাঁর কেউ হবে না। আমি সেই কর্মীকে ভালবাসি যে মাটিতে চলাচল করে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। লোকে ১০টা কথা বললে শুনবেন। আমি যদি শুনতে পারি, আপনারা শুনবেন না কেন? কত বড় নেতা হয়ে গিয়েছেন আপনারা? আপনাদের শুনতে হবে।”





