Header AD

পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন, জেনে নিন কবে, কোথায় ভোট?

এবার পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে মাত্র দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় ১৬টি জেলা এবং দ্বিতীয় দফায় সাতটি জেলায় ভোটগ্রহণ হবে। তবে কলকাতাকে দুটি আলাদা নির্বাচনী জেলা হিসেবে ধরা হয়েছে, ফলে দ্বিতীয় দফায় মোট আটটি নির্বাচনী জেলার ভোট হবে। ভোটগণনা অনুষ্ঠিত হবে ৪ মে, সোমবার।

প্রথম দফার ভোট

প্রথম দফার নির্বাচন হবে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার। এই দফায় মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। প্রথম দফাতেই সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির নির্বাচন সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ।

এছাড়াও জঙ্গলমহল এলাকার ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও প্রথম দফায় ভোট হবে। একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই বর্ধমান জেলার মধ্যে পশ্চিম বর্ধমানে প্রথম দফায় ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় দফার ভোট

দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, বুধবার। এই দফায় কলকাতাসহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ করা হবে।

আগের নির্বাচনের তুলনায় কম দফা

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এর আগে কখনও দুই দফায় বিধানসভা নির্বাচন হয়নি। সর্বশেষ ২০০১ সালে এক দফায় ভোটগ্রহণ হয়েছিল। প্রায় ২৫ বছর পর এত কম দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে।

২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়, যা হয়েছিল কোভিড পরিস্থিতির মধ্যে। সেই নির্বাচনের প্রথম দফা ভোট হয়েছিল ২৭ মার্চ এবং শেষ দফা ২৯ এপ্রিল। ফল ঘোষণা হয়েছিল ২ মে। এবারও শেষ দফার ভোট ২৯ এপ্রিল হলেও ফল ঘোষণা করা হবে ৪ মে।