মধ্যপ্রাচ্যে (Middle east Crisis) সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ইরান, আমেরিকা ও ইজরায়েলের (Gulf war) মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে আক্রমণ থামেনি বলে জানা যাচ্ছে।
বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি (Said Abbas Araghachi) সংঘর্ষবিরতির ঘোষণা করেন। দুই পক্ষই জানায়, আগামী দু’সপ্তাহ ধরে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এই সময়ের মধ্যে ইরানে হামলা চালাবে না আমেরিকা ও ইজরায়েল এবং শর্তসাপেক্ষে ইরান হরমুজ প্রণালী (Straight Of Hormuz) খুলে দিতে রাজি হয়েছে।
তবে এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের লাভান দ্বীপে একটি তেল শোধনাগারে আকাশপথে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ এই হামলা হয়, যার ফলে এলাকায় আগুন ধরে যায়। যদিও প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপরই বাহরাইন (Bahrin), কুয়েত (Kuwait) এবং সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) ড্রোন ও মিসাইল হামলার খবর সামনে আসে। এই হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। যদিও এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান।
বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম ছিল। কারণ এই চুক্তিতে লেবাননের (Lebanon) মতো গুরুত্বপূর্ণ পক্ষ অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি, ইরান ও আমেরিকার মধ্যে পারস্পরিক অবিশ্বাসও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সব মিলিয়ে, যুদ্ধবিরতির পরেও হামলা চলতে থাকায় প্রশ্ন উঠছে—মধ্যপ্রাচ্যে সংঘাত আদৌ থামবে কি না।





