ভোটের আগে প্ররোচনামূলক মন্তব্যের জের, কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষর প্রতিষ্ঠাতা-সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেপ্তার করেছে বলে খবর। অভিযোগ, বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে গর্গের বিরুদ্ধে।
ভোটের সময় সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন গর্গ (Garga Chatterjee Arrested)। পাশাপাশি আবার আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে, গর্গর বাড়ি থেকে নাকি ২৪ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। তাই তাঁকে দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গর্গকে পেশ করা হবে আদালতে।সূত্রের খবর, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে এই পদক্ষেপ।
তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, ভোটের দিন তিনি ইভিএম নিয়ে ভুয়ো প্রচার করেছিলেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কলকাতা উত্তরের ডিইও। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে গর্গ প্রশ্ন তুলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফা ভোটের দিন বহু কেন্দ্রে ইভিএম বিভ্রাটের জেরে ভোট শুরু হতে দেরি হয়। এনিয়ে গর্গ ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছিলেন। ভবানীপুর বিধানসভার ভোটার গর্গ ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। অন্য দিকে, ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা। তা ছাড়া নির্বাচনের আগে কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি না দেওয়ার অভিযোগ তোলে ‘বাংলা পক্ষ’। তাদের দাবি ছিল পয়লা বৈশাখে শোভাযাত্রা বার করতে চেয়ে কমিশনের অনুমতি পায়নি তারা।
অন্য দিকে, তদন্তকারীদের দাবি, নির্বাচন চলাকালীন গর্গের ইভিএম সংক্রান্ত মন্তব্য আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘনের শামিল। বুধবার তাঁকে আদালতে হাজির করানো হলে, নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে পুলিশ।





